, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 95%

চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

নিজস্ব প্রতিবেদক

রাসায়নিক দুর্ঘটনা বা দুর্যোগের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে যৌথ মহড়া করেছে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মঙ্গলবার (১৮ আগস্ট) চট্টগ্রামের বানৌজা ঈসা খানে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় এ ‘সিচুয়েশন্যাল ট্রেনিং এক্সারসাইজ’ অনুষ্ঠিত হয়। এতে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১ সদস্যের পাশাপাশি নৌবাহিনীর ৪৫৫ সদস্য অংশ নেন।

মহড়ায় রাসায়নিক দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন ধাপ বাস্তব পরিস্থিতির আদলে অনুশীলন করা হয়। এর মধ্যে দুর্ঘটনাস্থল নিরাপদ করা, ঝুঁকিপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ, রাসায়নিক পদার্থের বিস্তার ঠেকানো এবং আক্রান্ত ব্যক্তিদের উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম ছিল।

এ ছাড়া আহতদের প্রাথমিক চিকিৎসা, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও অগ্নিনির্বাপণ, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং উদ্ধারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও অনুশীলন করা হয়।

মহড়ায় অংশ নেওয়া বিভিন্ন সংস্থার সদস্যরা পারস্পরিক যোগাযোগ, দায়িত্ব ভাগাভাগি এবং সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটি সম্ভাব্য রাসায়নিক জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল অনুশীলন করেন।

সংশ্লিষ্টদের মতে, বন্দর, জাহাজ, শিল্পপ্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় রাসায়নিক দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার জন্য এ ধরনের যৌথ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো এর আগে রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও যৌথ অনুশীলনের আয়োজন করেছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, এসব কার্যক্রমের লক্ষ্য হলো রাসায়নিক দুর্ঘটনা বা দুর্যোগে বিভিন্ন সংস্থার সমন্বিত সাড়া দেওয়ার সক্ষমতা আরও শক্তিশালী করা।

নিয়মিত প্রশিক্ষণ ও যৌথ মহড়ার মাধ্যমে উদ্ধারকারী সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয় বাড়ার পাশাপাশি সম্ভাব্য রাসায়নিক দুর্ঘটনায় প্রাণহানি, সম্পদ ও পরিবেশের ক্ষয়ক্ষতি কমানোর সক্ষমতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত