, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 95%

রাঙামাটিতে পঞ্চম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, পুলিশের কাছে আত্মসমর্পণ যুবকের

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর ওই যুবক নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত রিপন চাকমা (১২) কাপ্তাই উপজেলার হরিণছড়া এলাকার লক্ষছা চাকমার ছেলে। পড়াশোনার জন্য সে জীবতলী এলাকায় তার খালু আশেনি কুমার চাকমার বাড়িতে থাকত এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) বিকেলে পানি সংগ্রহ করতে বাড়ির কাছাকাছি এলাকায় যায় রিপন। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন প্রতিবেশী স্বপন চাকমা (২২)। একপর্যায়ে রিপনকে একটি ঘরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর স্বপন চাকমা কাপ্তাই সার্কেল অফিসে গিয়ে পুলিশের কাছে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন। পরে তাকে হেফাজতে নেয় পুলিশ।

খবর পেয়ে রাঙামাটি কোতোয়ালি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে রাতের দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার পর শিশুটির মরদেহ হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত