চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের মোহরা এলাকায় একটি জঙ্গল থেকে মো. হাসান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে নগরের ৫ নম্বর মোহরা ওয়ার্ডের সিঅ্যান্ডবি আট গাছতলা এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসান ভোলার চরফ্যাশন উপজেলার শাহ আলমের ছেলে। তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জঙ্গলের ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে চান্দগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ওই যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় তদন্ত চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত্যুর কারণ কিংবা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ইতি/
