চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় এক ব্যক্তির সঙ্গে প্রতারণার মাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম কালা মিয়া ওরফে কালাম মিয়া (৪০)। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার বলিভদ্র-বেলতলা তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৪ জুন রাত ১২টা ৬ মিনিটের দিকে মতিউর রহমান নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে একটি অজ্ঞাত নম্বর থেকে বিভিন্ন নারীর ছবি পাঠিয়ে নানা ধরনের প্রলোভন দেখানো হয়। পরে হোয়াটসঅ্যাপ ও ইমুতে ভিডিও কলে কথা বলার সময় গোপনে সেই ভিডিও ধারণ করা হয়।
অভিযোগ রয়েছে, পরে মতিউর রহমানের ছবি সম্পাদনা করে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করা হয়। এসব কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন বিকাশ নম্বরে কয়েক দফায় মোট ৩৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।
এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা হওয়ার পর অফিসার ইনচার্জ শাহীনূর আলমের নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইমান হোসাইনের নেতৃত্বে একটি দল আশুলিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় কালাম মিয়ার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। জব্দ করা ফোনগুলোতে তার ব্যবহৃত একাধিক সিম কার্ডের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ০১৮৬৯১২২১৩৫, ০১৭৫৭১০৪৪৬২ ও ০১৭৫৭১০৪৪২৯ নম্বরসহ মোট ছয়টি সিমের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, জব্দ করা মোবাইল ফোনের ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমু অ্যাকাউন্টে মামলার বাদীসহ বিভিন্ন ব্যক্তির অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া গেছে।
ডবলমুরিং থানা পুলিশের রেকর্ড ও পিসিপিআর যাচাই করে গ্রেপ্তার কালা মিয়া ওরফে কালাম মিয়ার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলেও পুলিশ জানিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
ইতি/
