চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে অ্যাডভোকেট ফরিদুল আলমের সাক্ষ্যগ্রহণ হয়েছে। একই সঙ্গে মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন এবং সাক্ষীকে জেরার জন্য সময় চেয়ে আসামিপক্ষের করা আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে ফরিদুল আলমের জবানবন্দি রেকর্ড করা হয়।
আদালত সূত্র ও সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্য অনুযায়ী, সাক্ষ্যগ্রহণের পর চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিনের আবেদন করা হয়। পাশাপাশি রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীকে জেরার জন্য সময় চেয়ে আরেকটি আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত দুটি আবেদনই খারিজ করে দেন।
বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলার একজন প্রত্যক্ষদর্শী হিসেবে অ্যাডভোকেট ফরিদুল আলম আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষ সাক্ষীকে জেরার জন্য সময় চাইলেও আদালত তা মঞ্জুর করেননি।
এদিন মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অন্য আসামিদের কারাগার থেকে পুলিশি নিরাপত্তায় আদালতে নেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরে তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনকে আসামি করা হয়। পরবর্তী সময়ে মামলাটি বিচারিক কার্যক্রমের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
বর্তমানে মামলাটিতে ২৭ জন আসামি কারাগারে এবং ১২ জন পলাতক রয়েছেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দিনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যপর্ব শুরু হয়। এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে।
ইতি/
