, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

পাঁচলাইশে জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ ৯৯ ভরি স্বর্ণের ৫৫ চুড়ি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা প্রায় ৯৯ ভরি স্বর্ণের ৫৫টি চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, পাঁচলাইশের প্রবর্তক মোড়সংলগ্ন মিমি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘নিউ কনক বাহার জুয়েলার্স’ নামে একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে সেলসম্যান হিসেবে কাজ করতেন রোমেন দে (৩৬)। গত ১৪ আগস্ট দোকানের মজুত যাচাইয়ের সময় স্বর্ণালংকারের হিসাবে অসঙ্গতি ধরা পড়ে। পরে দেখা যায়, ৫৩টি স্বর্ণের চুড়ির পরিবর্তে সংশ্লিষ্ট বক্সগুলোতে ইমিটেশনের চুড়ি রাখা হয়েছে।

দোকানের মালিক বিপ্লব বসাক (৫৩) বিষয়টি বুঝতে পেরে পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন। মামলায় রোমেন দে-সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৮, ৪২০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ আগস্ট রাত ২টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট মহাসড়ক এলাকা থেকে রোমেন দেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে রোমেন জানান, আত্মসাৎ করা চুড়িগুলোর একটি অংশ বিভিন্ন জুয়েলারি দোকান ও বন্ধকী ব্যবসায়ীর কাছে রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়ার মিয়াখান নগর রোডের ‘মর্ডাণ ইরানী জুয়েলার্স’-এর মালিক শ্যামল সিংহকে (৪৭) ১৯ আগস্ট রাতে বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে শ্যামল সিংহের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই জুয়েলারি প্রতিষ্ঠান থেকে সাতটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। এসব চুড়ির মোট ওজন ১৪২ দশমিক ৪০ গ্রাম।

পুলিশ আরও জানায়, শ্যামলের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ আগস্ট কোতোয়ালী ও বাকলিয়া এলাকার বিভিন্ন জুয়েলারি দোকান এবং বন্ধকী ব্যবসায়ীদের কাছ থেকে আরও স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। একই দিন রোমেনের দেওয়া তথ্যের ভিত্তিতেও বাকলিয়া ও চকবাজারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কয়েকটি চুড়ি জব্দ করা হয়।

সব মিলিয়ে মামলায় ছয়জনকে গ্রেপ্তার এবং ৫৫টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে। পুলিশের হিসাবে উদ্ধার হওয়া চুড়িগুলোর মোট ওজন ১ হাজার ১৫৮ দশমিক ৩৩ গ্রাম, যা ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তির সমপরিমাণ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের চুড়িগুলো মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত