চট্টগ্রামের কর্ণফুলীতে ৫৭৪টি গ্যাস সিলিন্ডার ও একটি ট্রাক আত্মসাতের মামলায় কক্সবাজার থেকে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সিলিন্ডার বিক্রির ৩ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—কুমিল্লার লালমাই উপজেলার মো. আল আমিন (২৫) ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মো. মাহিন খান (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে গ্যাস সিলিন্ডার বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়া থানার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে আত্মসাৎ করা ট্রাকটি উদ্ধার করে পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন শুক্রবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এরই মধ্যে কর্ণফুলী ও আনোয়ারা এলাকায় অভিযান চালিয়ে আত্মসাৎ করা ৯৬টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। একই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যেভাবে আত্মসাতের অভিযোগ
মামলার এজাহার অনুযায়ী, গত ১২ আগস্ট রাত ৮টার দিকে কর্ণফুলী থানার বড়উঠান এলাকার মেডিকেল রোডে অবস্থিত মেসার্স আজিজ ট্রেডিং থেকে ৫৭৪টি গ্যাস সিলিন্ডারসহ একটি ট্রাক নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
অভিযোগে বলা হয়, চালক মো. আল আমিন, নুরুল আলমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন অসৎ উদ্দেশ্যে এসব মালামাল নিয়ে যান। এরপর তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় ১৭ আগস্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্ণফুলী থানায় মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. জাকির হোসেন বলেন, কক্সবাজার থেকে দুই আসামিকে নগদ অর্থসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাই করে উখিয়া থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আত্মসাৎ করা গ্যাস সিলিন্ডারের একটি অংশও উদ্ধার করা হয়েছে।
পুলিশের এই অভিযানে দ্রুত সময়ের মধ্যে ট্রাক ও সিলিন্ডারের একটি অংশ উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ইতি/
