চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় একটি ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বাসা থেকে বের হন নাফিসা। ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে সড়ক পার হওয়ার সময় একটি ক্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা এক ইন্টার্ন চিকিৎসক আহত নাফিসাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক নাফিসাকে মৃত ঘোষণা করেন।
নাফিসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির বাসিন্দা মামুন মিয়া ও মুক্তা দম্পতির মেয়ে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্রেনটি হেফাজতে নেয়। তবে এর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরীক্ষায় অংশ নেওয়ার স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হলেও আর কেন্দ্রে পৌঁছানো হয়নি নাফিসার।
ইতি/
