, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে জাহাজডুবি

নিজস্ব প্রতিবেদক

ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ জন ক্রু নিয়ে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি ওশান উইনার ডুবে গেছে। দুর্ঘটনার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ২২ জনের সন্ধানে অভিযান চলছে।

জাহাজটি ২০ আগস্ট রাতে ওডিশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। এতে প্রায় ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিক ছিল। জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক ছিলেন।

শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়পুরামের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য আসে। এরপর জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড উদ্ধার সহায়তার অনুরোধ জানায়।

খবর পেয়ে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ ভারদ ও আনমোল উদ্ধার অভিযানে যুক্ত হয়। পাশাপাশি ভিজিত নামের আরেকটি জাহাজও ঘটনাস্থলে পাঠানো হয়। কাছাকাছি থাকা বাণিজ্যিক জাহাজগুলোকেও উদ্ধারকাজে সহায়তার জন্য সতর্ক করা হয়েছে।

উদ্ধারকারীরা দুটি লাইফ র‍্যাফট থেকে দুইজন ক্রুকে জীবিত উদ্ধার করেছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জাহাজটি কী কারণে ডুবে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত