, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থী নিহত, ক্রেনচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল নামে এক পরীক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ক্রেনচালক শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকায় রোববার (২৩ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, শামীম ম্যাক্স কোম্পানির একটি ক্রেনের চালক।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে নাফিসা পাঠাওয়ের মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষার কেন্দ্র হাজী মুহাম্মদ মহসিন কলেজের দিকে যাচ্ছিলেন। বন্দরটিলা নেভি হাসপাতাল গেটের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে পাশ কাটানোর সময় তিনি মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান।

এ সময় একই লেনে পেছন দিক থেকে আসা ম্যাক্স কোম্পানির একটি ক্রেন তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় নাফিসাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাফিসা চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। চলমান এইচএসসি পরীক্ষায় তাঁর অংশ নেওয়ার কথা ছিল।

দুর্ঘটনার পর ক্রেনচালক শামীম ঘটনাস্থল থেকে চলে যান বলে জানিয়েছে পুলিশ। পরে নিহতের বাবা মামুন বাদী হয়ে ইপিজেড থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হেফাজ উদ্দিনের নেতৃত্বে এবং ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমানের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁকে আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত