চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আফনাস নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় শিশুটির বাবা, মা, বড় ভাই ও ছোট বোন আহত হয়েছেন। তাদের মধ্যে শিশুটির বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার মিঠাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফনাস বাঁশখালী উপজেলার মধ্যম গুনাগরী জহুজ পাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মোহাম্মদ আব্দুস সবুর লোহাগাড়া ট্রাস্ট ব্যাংক শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ব্যাংক বন্ধ থাকায় বুধবার স্ত্রী ও সন্তানদের নিয়ে বান্দরবানে বেড়াতে গিয়েছিলেন আব্দুস সবুর। পরে একটি সিএনজি অটোরিকশায় করে তারা লোহাগাড়ার বাসায় ফিরছিলেন।
পথে মিঠাদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কভার্ডভ্যান সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা আফনাস গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনায় আফনাসের বাবা মোহাম্মদ আব্দুস সবুর, মা মর্জিনা বেগম, বড় ভাই আফনান ও দুই বছর বয়সী ছোট বোন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসা শেষে মা, বড় ভাই ও ছোট বোনকে বাসায় নেওয়া হলেও আফনাসের বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে পাঁচ বছরের শিশুটির আকস্মিক মৃত্যুতে বাঁশখালীর মধ্যম গুনাগরী জহুজ পাড়া এলাকায় নেমে এসেছে শোকের আবহ। স্বজন ও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে গভীর শোক।
ইতি/
