দেশের ৬৪ জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার। এর অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির দায়িত্ব পেয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে জেলা-ভিত্তিক দায়িত্ব বণ্টনের পাশাপাশি দায়িত্বপ্রাপ্তদের কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা নিজ নিজ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, গুরুতর অপরাধ দমন, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।
এ ছাড়া সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন, নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমও তদারকির আওতায় থাকবে। প্রয়োজনে দায়িত্বপ্রাপ্তরা জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি সভায় অংশ নিয়ে পরামর্শ দিতে পারবেন।
সরকারের এই জেলা-ভিত্তিক দায়িত্ব বণ্টনে চট্টগ্রাম জেলার দায়িত্ব দেওয়া হয়েছে মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে। কক্সবাজারের দায়িত্ব পেয়েছেন সাচিং প্রু। আর ফেনী ও নোয়াখালীর দায়িত্ব দেওয়া হয়েছে জাকারিয়া তাহেরকে।
অন্যদিকে, গাজীপুর ও নারায়ণগঞ্জের দায়িত্ব পেয়েছেন হাবিবুর রশিদ; বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুরের দায়িত্ব মো. রাজীব আহসানের; এবং রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের দায়িত্ব পেয়েছেন মীর শাহে আলম।
এর আগে ২৪ আগস্ট মন্ত্রীদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রমের দায়িত্ব বণ্টন করা হয়। সেই ব্যবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রীর অনুপস্থিতিতে জাতীয় সংসদ-সংক্রান্ত দায়িত্বও পেয়েছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
ইতি/
