, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 86%

ছয় মাসে সরকারের সাফল্য কোথায়, প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেছেন, সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বেকারত্ব কমানো এবং অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় গত ছয় মাসে সরকারের উল্লেখযোগ্য কোনো সাফল্য দেখা যায়নি। তাঁর দাবি, কর্মসংস্থান বাড়ানোর পরিবর্তে বিভিন্ন সংকটের কারণে বেকারত্ব আরও বাড়ছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এবি পার্টির চট্টগ্রাম মহানগর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির বিষয় ছিল—‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট: জনগণের প্রত্যাশা’।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি শিক্ষিত বেকারের কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল। তবে তাঁর অভিযোগ, গত কয়েক মাসে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাবে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক শ্রমিক কর্মহীন হয়েছেন।

তিনি আরও বলেন, সরকারি দলের নেতাদের বক্তব্যে অসঙ্গতি থাকায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হচ্ছে। তাঁর মতে, বিদ্যুৎ ও জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে বেকারত্ব ও দ্রব্যমূল্যের চাপ আরও বাড়তে পারে।

মঞ্জু সতর্ক করে বলেন, মানুষের আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান বাড়তে থাকলে সরকারের জনসমর্থন কমে যেতে পারে। একই সঙ্গে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে সরকারকে জনদাবির প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক গোলাম ফারুক। তিনি জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের কালক্ষেপণ বা রাজনৈতিক কৌশলের আশ্রয় না নেওয়ার আহ্বান জানান।

চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্যসচিব যায়েদ হাসান চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগর সদস্যসচিব সৈয়দ আবুল কাশেম এবং কেন্দ্রীয় নেতা আতাউর রহমান নূর।

এ সময় এবি যুব পার্টির সদস্যসচিব মো. জাবেদ ইকবালসহ দলের চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত