, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

বিদ্যুৎ-গ্যাস সংকটকে কেন্দ্র করে অস্থিতিশীলতা ঠেকাতে পুলিশের প্রতি নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দেশে সম্ভাব্য বিদ্যুৎ ও গ্যাস সংকটকে কেন্দ্র করে কোনো পক্ষ যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলনে তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে উগ্রবাদ, গুজব ও অপপ্রচার মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো এবং অপরাধ সংঘটনের আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট

সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ একটি ইউনিট কাজ শুরু করেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় ইউনিটটির কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতাকারীদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছে। অস্ত্রের ধরন অনুযায়ী তথ্যদাতাকে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। ভারী অস্ত্রের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কারের পরিমাণ ২ লাখ টাকা এবং পিস্তল, রিভলভার বা শটগানের মতো অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।

তথ্যদাতাদের পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল হওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া হয়নি, সেগুলোকে অবৈধ অস্ত্র হিসেবে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক, চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এসব কার্যক্রমে গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য ও সহযোগিতা নেওয়া হচ্ছে।

অপরাধ দমনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখানোর ওপরও গুরুত্ব দেন তিনি। নির্ধারিত সময়ে প্রত্যাশিত ফল না এলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ

সম্মেলনে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সেখানে সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। খুলনা মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারের কাছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান তিনি এবং আইনশৃঙ্খলার উন্নতিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশের যানবাহন সংকটসহ বিভিন্ন প্রশাসনিক সমস্যার সমাধানের আশ্বাসও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি যেসব পুলিশ কর্মকর্তা দায়িত্ব থেকে পালিয়ে গেছেন বা যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁদের বাদ দিয়ে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে পদোন্নতিজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

গুজব ও অপপ্রচারে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরও কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন। তিনি গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি কোনো ঘটনা ঘটার আগেই সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর জোর দেন।

ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় এপ্রিল-জুন ২০২৬ সময়ের দেশের অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়। পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ ইউনিটের কার্যক্রম এবং মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অনুষ্ঠানে পুলিশ সপ্তাহ ২০২৬-এর সময় প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ২৬ জন পুলিশ সদস্যকে আইজি ব্যাজ দেওয়া হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত