, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

পিংক বাসে নারী চালক নিয়োগ দিচ্ছে বিআরটিসি

নিজস্ব প্রতিবেদক

নারীদের জন্য চালু হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাসে’ অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে কোনো লিখিত আবেদন প্রক্রিয়া নয়, সরাসরি উপস্থিত হয়ে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে।

বিআরটিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাসচালক (নারী) পদে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। নির্বাচিতদের দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

বয়স ও যোগ্যতা

আগ্রহী প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছর হতে হবে। তাঁকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

প্রার্থীর ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। তবে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের প্রয়োজনীয় শর্ত পূরণ করলেও প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে।

কখন ও কোথায় পরীক্ষা

প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

পরীক্ষার কেন্দ্র বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।

প্রার্থীদের সরাসরি উপস্থিত হয়ে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। সঙ্গে আনতে হবে—

জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ

– শিক্ষাগত যোগ্যতার সব সনদের মূল কপি

– ড্রাইভিং লাইসেন্সের মূল কপি

 

প্রশিক্ষণের সুযোগ

বিআরটিসির নিয়োগসংক্রান্ত তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেওয়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণ শেষে নির্ধারিত রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ হলে প্রচলিত বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে এসব প্রার্থী অগ্রাধিকার পেতে পারেন।

উল্লেখ্য, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করার লক্ষ্যে বিআরটিসি সম্প্রতি নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও এ সেবা চালুর কথা জানিয়েছে সংস্থাটি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত