, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 94%

চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ মো. আরিফুল ইসলাম ভূঞা (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

গ্রেপ্তার আরিফুল ইসলাম খাগড়াছড়ির রামগড় থানার সদু কার্বারী পাড়ার মৃত শামছুল হকের ছেলে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ফেনী থেকে একটি প্রাইভেটকারে করে বিদেশি মদের চালান চট্টগ্রাম নগরের দিকে আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের কদম মোবারক এতিমখানা মার্কেট এলাকায় সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল র‌্যাব। এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়ির গতি বাড়িয়ে চেকপোস্ট পার হয়ে পালানোর চেষ্টা করেন।

পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে গাড়িটি আটক এবং আরিফুল ইসলাম ভূঞাকে গ্রেপ্তার করেন। এ সময় গাড়িতে থাকা আরও এক ব্যক্তি কৌশলে নেমে পালিয়ে যান।

র‌্যাব জানায়, পরে প্রাইভেটকারের ভেতর ও পেছনে থাকা আটটি বাদামি রঙের তেলের কার্টনে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের স্টিকারযুক্ত ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে আসছিলেন। পরে এসব মদ চট্টগ্রাম নগরের বিভিন্ন পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হতো।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত