চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত জামিন দেওয়ার প্রতিবাদে ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার (৩১ আগস্ট) বিকেলে নগরের কারাগার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী কারাগারের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অভিযোগ, বিভিন্ন মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে গুরুতর ও স্পর্শকাতর মামলার আসামিরাও দ্রুত জামিনে মুক্তি পাচ্ছেন। তাদের দাবি, জামিন দেওয়ার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
কর্মসূচিতে বক্তারা বলেন, অতীতে বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে। অথচ বর্তমানে গুম, খুনসহ বিভিন্ন গুরুতর মামলার আসামিরা দ্রুত জামিনে বের হয়ে আসছেন—এমন পরিস্থিতি তারা মেনে নেবেন না। প্রয়োজনে আদালত এলাকাতেও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান অভিযোগ করেন, গুরুতর মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের কয়েক দিনের মধ্যেই জামিনে মুক্তি পাওয়ার ঘটনা ঘটছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এদিকে কর্মসূচির বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অল্প সময়ের জন্য কারাগারের প্রধান ফটকের সামনে অবস্থান করেছিলেন। পরে তারা সেখান থেকে সরে যান।
কারা কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, কর্মসূচিটি দীর্ঘ সময় স্থায়ী হয়নি।
ইতি/
