মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এ প্রত্যাশা ও কৃতজ্ঞতার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
চিঠিতে ট্রাম্প বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।
বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আশ্বস্ত করেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথাও তিনি স্মরণ রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন।
চিঠির শেষাংশে ট্রাম্প বলেন, ভবিষ্যতে খুব বেশি দেরি না করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করছেন।
এর আগে বাংলাদেশ ও বোয়িংয়ের মধ্যে উড়োজাহাজ কেনা নিয়ে নতুন সমঝোতার বিষয়টি সামনে আসে। মার্কিন বিশেষ দূত সার্জিও গোরও জানিয়েছিলেন, বাংলাদেশ আগের পরিকল্পনার তুলনায় বোয়িংয়ের কাছ থেকে আরও উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। তবে নতুন চুক্তির আওতায় উড়োজাহাজের সুনির্দিষ্ট সংখ্যা ও আর্থিক মূল্য তখন প্রকাশ করা হয়নি।
ইতি/
