, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

পূর্ববিরোধের জেরে চান্দগাঁওয়ে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে পূর্ববিরোধের জেরে শাহাদাত হোসেন তানজিল (২৪) নামে এক যুবককে কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইফতু ও ইসফা নামে দুই ভাইসহ চারজন জড়িত বলে অভিযোগ করেছেন আহতের স্বজনরা।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে চান্দগাঁওয়ের শমসের পাড়া জোড় পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত তানজিল ওই এলাকার মো. সেলিমের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার নয়ন নামে এক যুবককে মারধর করা হয়। এতে তিনি আহত হলে পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। মীমাংসার সময় নয়নের নাকের অস্ত্রোপচারের চিকিৎসা ব্যয় ইফতু ও ইসফার বাবা বহন করবেন বলে সিদ্ধান্ত হয়।

অভিযোগ রয়েছে, পরবর্তীতে ওই চিকিৎসা ব্যয়ের টাকা পরিশোধ নিয়ে বাবু নামে এক ব্যক্তির সঙ্গে ইফতু ও ইসফার পরিবারের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে ফের উত্তেজনা সৃষ্টি হয়।

স্বজনদের অভিযোগ, এ সময় ইফতু, ইসফাসহ কয়েকজন তানজিলের ওপর হামলা চালান। হামলাকারীরা কিরিচ দিয়ে তাকে এলোপাতাড়ি কোপালে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা আহত তানজিলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, পূর্ববিরোধকে কেন্দ্র করে যাতে আরও সহিংসতা না ঘটে, সে জন্য ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে এ ঘটনায় থানায় মামলা বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত