, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 88%

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হালিশহর এলাকায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, ছায়েদুর রহমান বুধবার সন্ধ্যা পর্যন্ত কর্মস্থলে ছিলেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত একটি সভায় সহকর্মীদের সঙ্গে অংশ নেন তিনি। সে সময় তাকে স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় বলে জানিয়েছেন সহকর্মীরা।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে তার স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এর কিছুক্ষণ আগে ছায়েদুর রহমান স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেছিলেন। পরে বাসায় ফিরে তার স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ছায়েদুর রহমান প্রায় দুই বছর আগে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান। তার তিন মেয়ে রয়েছেন। বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে এমবিবিএস পড়ছেন—দুজনই ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক হিসেবে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

মরদেহ উদ্ধারের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখছে পুলিশ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত