, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

চট্টগ্রামে বিদেশি নাগরিকের আইফোন ছিনতাই, ২ ঘণ্টায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে ফিলিপাইনের এক নাগরিকের ছিনতাই হওয়া আইফোন মাত্র দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে বায়েজীদ বোস্তামী থানা পুলিশ। পরে উদ্ধার করা ফোনটি ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে অক্সিজেন মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এইম ই ডিরাটো (৩৮) ফিলিপাইনের নাগরিক।

পুলিশের তথ্যমতে, রাঙামাটি যাওয়ার পথে অক্সিজেন মোড়ে তাঁর ব্যাগ থেকে আইফোনটি ছিনিয়ে নেওয়া হয়। পরে তিনি বায়েজীদ বোস্তামী থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান।

অভিযোগ পাওয়ার পর ফোনটি উদ্ধারে দ্রুত অভিযান শুরু করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অক্সিজেন পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাহার মিয়াকে উদ্ধারের দায়িত্ব দেন। এরপর প্রযুক্তিগত ও মাঠপর্যায়ের তৎপরতার মাধ্যমে প্রায় দুই ঘণ্টার মধ্যে ফোনটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার শেষে আইফোনটি ভুক্তভোগী এইম ই ডিরাটোর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশকে দেওয়া তথ্যে ডিরাটো জানান, সাত দিনের ভ্রমণে ফিলিপাইন থেকে বাংলাদেশে এসেছেন তিনি। গত দুই দিন ধরে চট্টগ্রামের একটি হোটেলে অবস্থান করছিলেন। শুক্রবার রাঙামাটি যাওয়ার পথে অক্সিজেন মোড়ে তাঁর ফোনটি ছিনতাই হয়।

দ্রুত সময়ের মধ্যে ফোনটি ফিরে পাওয়ায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেন তিনি। বাংলাদেশ পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ ও সহযোগিতার প্রশংসা করে সংশ্লিষ্ট সদস্যদের ধন্যবাদ জানান এই বিদেশি পর্যটক।

বায়েজীদ বোস্তামী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় অল্প সময়ের মধ্যে ছিনতাই হওয়া মুঠোফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

ইতি/

 

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত