, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 85%

নভেম্বরে চট্টগ্রামের আন্তর্জাতিক বাণিজ্যমেলা

নিজস্ব প্রতিবেদক

আগামী নভেম্বরে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) আয়োজিত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আশ্বাস দেন।

সিএমসিসিআই সূত্রে জানা গেছে, নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হবে। মেলাকে কেন্দ্র করে দেশি-বিদেশি ব্যবসা-বাণিজ্য, রপ্তানি ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে সিএমসিসিআই নেতারা কিছু শিপিং এজেন্টের বিরুদ্ধে ব্যাংক ডকুমেন্ট ছাড়াই পণ্য হস্তান্তরের অভিযোগ তুলে ধরেন। এ ধরনের কার্যক্রমের কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে তারা মন্ত্রীকে জানান।

সমস্যা সমাধানে শিপিং আইন ও ফ্রেইট ফরওয়ার্ডার-সংক্রান্ত আইনে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দেন চেম্বার নেতারা। পাশাপাশি বেআইনিভাবে পণ্য হস্তান্তরের সঙ্গে জড়িত শিপিং লাইন ও ফরওয়ার্ডারদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।

ব্যবসায়ীদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনে মন্ত্রী সংশ্লিষ্ট আইন সংশোধনের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে বিদেশে আটকে থাকা বা অনাকাঙ্ক্ষিতভাবে ক্ষতিগ্রস্ত অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

এ ধরনের প্রতারণার শিকার ব্যবসায়ীরা যাতে হয়রানির মুখে না পড়েন এবং স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন অর্থমন্ত্রী।

সাক্ষাতে সিএমসিসিআইয়ের সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, অজিত কুমার দাশ, মোহাম্মদ শাহ আলম, শিপিং অ্যান্ড পোর্টবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফউল্লাহ মনসুর এবং আইনশৃঙ্খলাবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত