২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর ও বিদ্রূপাত্মক পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের জুলাইয়ে শিক্ষক আবদুল ওয়াহেদের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্যাম্পাসে সমালোচনা তৈরি হয়। অভিযোগটি খতিয়ে দেখতে ১২ জুলাই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাটি আরও বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য নতুন করে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতেই সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। অধিকতর তদন্তের পর এ বিষয়ে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, শিক্ষক আবদুল ওয়াহেদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এখনো সাময়িক বরখাস্তের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি।
ইতি/
