, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 85%

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথ রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলে ধরেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি ফটিকছড়ি ও উত্তর ফটিকছড়ির যোগাযোগব্যবস্থার উন্নয়নে রেলপথ সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সংসদ সদস্য বলেন, চট্টগ্রাম থেকে নাজিরহাট ঘাট পর্যন্ত রেলপথের অবকাঠামো থাকলেও বর্তমানে ওই পথে নিয়মিত ট্রেন চলাচল করছে না। ফলে রেল যোগাযোগ কার্যত হাটহাজারীর সরকারহাট পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। নাজিরহাটের পর ফটিকছড়ি সদর হয়ে রামগড় পর্যন্ত যাতায়াতে স্থানীয়দের সড়কপথের ওপর নির্ভর করতে হচ্ছে।

তার মতে, এতে যাত্রীদের সময় ও পরিবহন ব্যয় দুটিই বাড়ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী ও নিম্নআয়ের মানুষের জন্য এই পরিস্থিতি বাড়তি ভোগান্তি তৈরি করছে।

সরোয়ার আলমগীর বলেন, নাজিরহাট থেকে ফটিকছড়ি হয়ে রামগড় পর্যন্ত রেল যোগাযোগ সম্প্রসারণ করা গেলে একদিকে মানুষের যাতায়াত সহজ হবে, অন্যদিকে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে।

ফটিকছড়ির সম্ভাবনার বিষয়টিও সংসদে তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, কৃষি, চা ও রাবার চাষসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন হলে কৃষি, শিল্প, বাণিজ্য ও পর্যটন খাত আরও বিকশিত হতে পারে।

এ কারণে চট্টগ্রাম-নাজিরহাট রেলপথ রামগড় পর্যন্ত সম্প্রসারণকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

উল্লেখ্য, নাজিরহাট হয়ে রামগড় পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি ফটিকছড়ি অঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ-সংক্রান্ত দাবিগুলোর একটি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত