, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 85%

ডেভিড ইমনের ৭ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সাত সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

একই সঙ্গে গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে সীতাকুণ্ডে দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায়ও কয়েকজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ডেভিড ইমনের সাত সহযোগী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তারের সময় চাঁদাবাজিতে ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

এদিকে সীতাকুণ্ডে অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তুলে ধরার কথা রয়েছে।

এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য এবং গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়।

পরবর্তী সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানায় পুলিশ।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগও তদন্তাধীন রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত