২০২৫ সালে রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বন্দরের তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারীদের দেওয়া হয়েছে বিশেষ উৎসাহ বোনাস।
এবার মোট ৬ হাজার ৭৫০ জন শ্রমিক-কর্মচারীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বোনাসের পরিমাণ ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বোনাসের চেক বিতরণ করা হয়।
বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এই অর্থ দেওয়া হয়েছে। এর পুরো অর্থ এসেছে ‘চট্টগ্রাম বন্দর কনটেইনার, কার্গো হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল’ থেকে।
কর্তৃপক্ষের মতে, বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের অবদানের স্বীকৃতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বন্দরে শ্রম শান্তি ও কর্মপরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চেক বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইতি/
