, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

চট্টগ্রামে ফিরছে জেলা ক্রিকেট লীগ

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ বিরতির পর চট্টগ্রামে পুনরায় শুরু হতে যাচ্ছে জেলা ক্রিকেট লীগ। স্থানীয় ক্রিকেটারদের নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ তৈরি এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেটের কার্যক্রম আরও সক্রিয় করতে এ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অ্যাডহক কমিটি।

জেলা ক্রিকেট লীগ আয়োজনের উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিজেকেএস অ্যাডহক কমিটিকে দেওয়া এক চিঠিতে লীগ আয়োজনের জন্য ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। পাশাপাশি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে।

বিসিবির এই সহায়তাকে চট্টগ্রামের ক্রিকেটের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, নিয়মিত জেলা লীগ চালু হলে স্থানীয় ক্লাব ও ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পাবেন। একই সঙ্গে নতুন প্রতিভাবান খেলোয়াড়দের সামনে আসার পথও আরও প্রশস্ত হবে।

চট্টগ্রাম থেকে অতীতে জাতীয় পর্যায়ে একাধিক ক্রিকেটার উঠে এলেও দীর্ঘদিন জেলা পর্যায়ে নিয়মিত ক্রিকেট আয়োজন না থাকায় স্থানীয় পর্যায়ে প্রতিভা বিকাশের সুযোগ সীমিত হয়ে পড়েছিল। জেলা লীগ পুনরায় চালু হলে সেই ঘাটতি কাটিয়ে ওঠার পাশাপাশি ভবিষ্যতের ক্রিকেটার তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা সংশ্লিষ্টদের।

এদিকে বিসিবির আর্থিক সহায়তার পাশাপাশি সহযোগিতার আশ্বাস পাওয়ায় লীগ আয়োজনের প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে। মাঠ নির্ধারণ, ক্লাবগুলোর অংশগ্রহণ, ম্যাচের সূচি এবং অন্যান্য সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে দ্রুতই প্রতিযোগিতাটি মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে।

বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, তৃণমূল পর্যায়ের ক্রিকেটকে আরও শক্তিশালী করা এবং প্রতিভাবান খেলোয়াড় খুঁজে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে জেলা পর্যায়ে ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং নিয়মিত জেলা লীগসহ প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দীর্ঘদিন পর জেলা ক্রিকেট লীগ ফেরার খবরে চট্টগ্রামের ক্রিকেটার, ক্লাব কর্মকর্তা ও সংগঠকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশা, নিয়মিত এই আয়োজন অব্যাহত থাকলে চট্টগ্রাম থেকে ভবিষ্যতে আরও দক্ষ ও সম্ভাবনাময় ক্রিকেটার উঠে আসবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত