চট্টগ্রাম বন্দর থেকে জাল কাগজপত্র ও স্বাক্ষর ব্যবহার করে পণ্যবাহী একটি কন্টেইনার বের করে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পটিয়ার জিরি ইউনিয়নের উত্তর কৈয়গ্রামের মো. মোর্শেদ আলম (৩১) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার মো. সাইদুর রহমান (৫১)।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১১ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজারের কার্যালয়ের এফসিএল (FCL) শাখায় থাকা অভিযুক্তরা সহযোগীদের সঙ্গে মিলে কন্টেইনারটি বের করে নেওয়ার পরিকল্পনা করেন। এ সময় বিভিন্ন নথি ও স্বাক্ষর জাল করে অন-ডেট ও অন-চেসিস অ্যাসাইনমেন্টের কপি ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে ওই নথি দেখিয়ে পণ্যবোঝাই কন্টেইনারটি বন্দরের ১ নম্বর গেট দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে বন্দর থানায় একটি মামলা করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযান চালিয়ে টার্মিনাল ম্যানেজারের কার্যালয়ের সামনে থেকে মোর্শেদ আলম ও সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জাল কাগজপত্রের মাধ্যমে কন্টেইনারটি বন্দর থেকে বের করে নেওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
ইতি/
