জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে। প্রতিষ্ঠানটির দায়ের করা রিটের ওপর জারি করা রুল খারিজ করে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ রায় দেন হাইকোর্ট।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন বলে আদালত সূত্রে জানা গেছে।
আদালত সূত্র বলছে, তিন অর্থবছরের জন্য গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের দাবিকৃত মোট ৬৬৬ কোটি টাকা কর আদায়ের সিদ্ধান্ত বহাল রেখেছেন আদালত। একই সঙ্গে ওই কর দাবি চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির করা রিটের রুল খারিজ করা হয়েছে।
গ্রামীণ কল্যাণের সঙ্গে এনবিআরের এই কর বিরোধ দীর্ঘদিনের। এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট একটি হাইকোর্ট বেঞ্চ একই পরিমাণ কর পরিশোধের নির্দেশ দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে মামলাটিতে স্বার্থের সংঘাতের বিষয়টি সামনে আসায় ওই রায় প্রত্যাহার করা হয়। এরপর মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
চলতি বছরের জুলাইয়ে গ্রামীণ কল্যাণের আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, ৬৬৬ কোটি টাকা কর মওকুফ কিংবা মামলা প্রত্যাহার হয়েছে—এমন খবর সঠিক নয়। সে সময় তিনি বলেছিলেন, মামলাটি হাইকোর্টে বিচারাধীন এবং নতুন বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে।
মামলাটির মূল বিরোধ গ্রামীণফোনের শেয়ার থেকে গ্রামীণ কল্যাণের অর্জিত আয়কে কেন্দ্র করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ওই আয়ের ওপর উৎসে কর পরিশোধ করা হয়েছে। এরপর একই আয়ের ওপর পুনরায় কর আরোপের বৈধতা নিয়ে আপত্তি তুলে তারা আদালতের শরণাপন্ন হয়।
গ্রামীণ কল্যাণের দাবি ছিল, একই আয়ের ওপর এভাবে অতিরিক্ত কর আরোপ আইনসম্মত নয়। বিপরীতে এনবিআর তাদের কর দাবি বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।
বৃহস্পতিবারের রায়ের মধ্য দিয়ে হাইকোর্ট এনবিআরের দাবিকেই বহাল রাখলেন। ফলে সংশ্লিষ্ট তিন অর্থবছরের জন্য গ্রামীণ কল্যাণের ওপর আরোপিত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়টি নতুন করে কার্যকর আলোচনায় এসেছে।
ইতি/
