চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় চার বছর বয়সী এক শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া চার বছর বয়সী শিশু রুজাইনা মজিদ ঢাকার তেজগাঁও থানার মণিপুরী পাড়ার বাসিন্দা। গত ৬ সেপ্টেম্বর তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৯ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। চিকিৎসকদের নথিতে মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম উইথ ডিআইসি’ উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, মারা যাওয়া রাশেদা বেগমের বয়স ২৯ বছর। তিনি সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। গত ৫ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে কার্ডিওরেসপিরেটরি ফেইলিওর ও এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোমে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১১ জন এবং ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একজন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ২০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৮৫ জন।
ইতি/
