, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 90%

চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, বাসি খাবার বিক্রির জন্য রাখা এবং অনুমোদনহীন ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগে তিনটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানহাট মোড় ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযানে গ্রান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিদর্শনে প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীন ক্ষতিকর রং মেশানো কাশ্মীরি মরিচ, পচা ও দুর্গন্ধযুক্ত খাদ্যপণ্য এবং রান্না করা পুরোনো খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একই ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে রাখা হয়েছিল।

অপরদিকে, রান্না করা বাসি খাবার ও কাঁচা মাছ-মাংস একই ফ্রিজে সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য রাখা এবং খাবারের আশপাশে তেলাপোকার উপস্থিতির কারণে আলিফ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই ধরনের অনিয়মের দায়ে ক্যাফে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, খাদ্যপণ্যে অনুমোদনহীন রং ব্যবহার, পচা-বাসি খাবার সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের অংশ হিসেবে দেওয়ানহাট মোড়ের কয়েকটি ফলের দোকানেও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে ফল সংরক্ষণ ও বিক্রির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত