, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 69%

শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নিহত সেনাসদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। দেশের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো দুই সেনাসদস্যের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, জাতি তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার ও সেনাবাহিনী তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। পরিবারের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

পরে দুই পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে নিহত দুই সেনাসদস্যের স্থায়ী ঠিকানায় পরিবারের জন্য পৃথক বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। তাদের স্ত্রীদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার উদ্যোগের কথাও জানানো হয়।

এর আগে ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের মধ্যে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হন। আইএসপিআরের তথ্য অনুযায়ী, ঘটনায় আরও একজন কর্মকর্তা গুরুতর আহত হন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কার্যক্রম চলমান রয়েছে।

নিহতরা হলেন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষে তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, কন্যা ফাতেমা সিদ্দিকা এবং বাবা-মা আব্দুল ওহাব ও পারভীন আক্তার উপস্থিত ছিলেন।

অন্যদিকে মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, কন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত