চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত আ জ ম নাছিরের নামে ২ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৯১০ টাকার স্থাবর এবং ২৬ কোটি ৩৮ লাখ ১ হাজার ২৮৫ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। একই সময়ে তাঁর নামে ৬ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৮ টাকার দায়-দেনাও পাওয়া যায়।
দায়-দেনা বাদ দেওয়ার পর তাঁর নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২২ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ১৮৭ টাকা। এর সঙ্গে পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয়ের ১৮ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৬৪৮ টাকা যোগ করে অনুসন্ধানে মোট অর্জিত সম্পদের পরিমাণ ৪০ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৮৩৫ টাকা নির্ধারণ করা হয়।
অন্যদিকে, একই সময়ে তাঁর গ্রহণযোগ্য আয় ২৬ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ২৬৫ টাকা বলে অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে। ফলে গ্রহণযোগ্য আয়ের তুলনায় সম্পদের গরমিল দাঁড়িয়েছে ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকা।
দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ এসব সম্পদ অর্জন ও ভোগদখলে রাখা হয়েছে।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
ইতি/
