, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

মিয়ানমারে পাচারের আগে ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি কার্গো বোটে তোলা ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ সময় সার পাচারের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচারে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নগরের কোতোয়ালি থানার চাক্তাই খালের পশ্চিমে বালুর মাঠসংলগ্ন কর্ণফুলী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্গো বোটটিতে তল্লাশি করা হলে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাওয়া যায়।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার সাবেরঘোনা এলাকার আনজু মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে শেখান (৪৫), হজরত আলীর ছেলে আবদুল হক (২৪) এবং জমিলাঘোনা এলাকার আবুল কাশেমের ছেলে নুরুল ইসলাম জাহেদ (১৬)।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে ইউরিয়া সারগুলো তোলা হয়েছিল। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত