, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (চট্টগ্রাম ওয়াসা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে তিন বছরের জন্য ওয়াসার চেয়ারম্যান নিয়োগের কথা জানানো হয়।

ইদ্রিস মিয়া ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫৪ সদস্যের আহ্বায়ক কমিটির নেতৃত্ব দিচ্ছেন। এর আগে তিনি পটিয়া জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

চট্টগ্রামের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানে বিএনপির নেতাদের দায়িত্ব দেওয়ার ধারাবাহিকতায় ইদ্রিস মিয়ার নিয়োগও সামনে এসেছে। এর আগে জুনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেনকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। জুলাইয়ে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক করা হয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবার রহমান শামীমকে।

নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে ইদ্রিস মিয়া বলেন, ওয়াসার চেয়ারম্যানের পদটি সার্বক্ষণিক দায়িত্বের নয়; প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ওপর সার্বক্ষণিক প্রশাসনিক দায়িত্ব থাকে। তিনি জানান, চেয়ারম্যান হিসেবে মূলত বোর্ডের দায়িত্ব পালন করবেন এবং এতে তার দলীয় কার্যক্রমে প্রভাব পড়বে না।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত