পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘থাং শান’ (TANG SHAN), ‘দা ছিং’ (DA QING) ও ‘থাই হু’ (TAI HU) নামের জাহাজ তিনটি বন্দরে ভেড়ে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, জাহাজগুলো বন্দরে পৌঁছানোর পর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার চীনা নৌসদস্যদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর বাদকদল আনুষ্ঠানিকভাবে ব্যান্ড পরিবেশন করে।
জাহাজগুলোকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তারা, চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশের সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ চীনা জাহাজগুলোকে অভ্যর্থনা জানায়।
সফরকালে চীনা জাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দলের চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনীর ফ্লিট কমান্ডার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
এ ছাড়া চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও স্থাপনা পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ঘুরে দেখবেন। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদেরও চীনা জাহাজ পরিদর্শনের সুযোগ থাকবে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রশিক্ষণ ও সহযোগিতার ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
শুভেচ্ছা সফর শেষে চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।
ইতি/
