, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

সৌদি–হুতি পাল্টাপাল্টি হামলায় নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। সাম্প্রতিক এসব হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু বলে হুতিদের সমর্থক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইফ এলাকায় হুতিদের একটি ড্রোন প্রতিহত করা হয়। এ ঘটনায় সৌদি আরবে বসবাসকারী এক ইয়েমেনি নাগরিক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। চলতি মাসে হুতিদের হামলা জোরদারের পর সৌদি আরবে এটিই প্রথম প্রকাশ্যে নিশ্চিত হওয়া প্রাণহানির ঘটনা।

অন্যদিকে, ইয়েমেনের হুতি-সমর্থিত আল-মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তাইজ প্রদেশে সৌদি যুদ্ধবিমান তিনটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালিয়েছে। ওই হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে আবস এলাকায় হামলায় আরও একজন আহত হওয়ার কথা জানিয়েছে হুতি-সমর্থিত সংবাদমাধ্যম।

পরে হুতিদের সমর্থক গণমাধ্যমের খবরে দাবি করা হয়, সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর হামলায় তিন শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এসব দাবির স্বাধীনভাবে পূর্ণাঙ্গ যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি।

মক্কায় হামলার অভিযোগ অস্বীকার

উত্তেজনার মধ্যে সৌদি আরব দাবি করেছে, হুতিরা মক্কার দিকে একটি ড্রোন পাঠিয়েছিল এবং সেটি প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে হুতি নেতা আবদুল-মালিক আল-হুতি এ অভিযোগ অস্বীকার করেছেন। টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, মক্কাকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি। সৌদি আরবের এই অভিযোগকে তিনি প্রচারণা হিসেবে বর্ণনা করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে যেকোনো হামলা নিন্দনীয়। তবে মক্কার পথে একটি ড্রোন প্রতিহত করার দাবির ভিত্তিতে হুতিদের সরাসরি দায়ী করা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন।

চীনের হস্তক্ষেপের চেষ্টা

এদিকে রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক হুতি হামলার পর সৌদি আরব চীনের কাছে সহায়তা চাওয়ার পর বেইজিং ইরানি কর্মকর্তাদের হুতিদের নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করার আহ্বান জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে রয়টার্স।

চীন প্রকাশ্যে সংঘাতের ক্ষেত্রে সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নিরাপদ নৌ চলাচল পুনরুদ্ধারের ওপরও জোর দিয়েছে।

সৌদি আরবের ওপর হুতিদের হামলার নিন্দা জানিয়েছে কুয়েত ও বাহরাইন। ইউরোপীয় ইউনিয়নও হুতিদের সামরিক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে এবং সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে।

সাম্প্রতিক সংঘাতের ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা অংশীদার পাকিস্তান ও তুরস্কও পরিস্থিতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত মাসে দেশ দুটির সঙ্গে সৌদি আরব একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি করেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত