চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে ওমানের মাসকাট থেকে সালাম এয়ারের OV-401 ফ্লাইটে চট্টগ্রামে আসেন ওই যাত্রী। কাস্টমস হল থেকে স্ক্যানিং শেষে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সদস্যরা ব্যাগেজে তল্লাশি চালান।
তল্লাশিতে ১০৬ গ্রাম স্বর্ণালংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের মোট পরিমাণ ৫৩৪ গ্রাম। এর সম্ভাব্য রাজস্বমূল্য প্রায় ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কাস্টমস।
আটক মোহাম্মদ হাসান মুরাদ চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, ব্যাগেজের ভেতরে বিশেষ কৌশলে স্বর্ণগুলো রাখা হয়েছিল। পরে উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ও অন্যান্য বিষয় যাচাই শেষে তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণ চোরাচালান ও অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচার ঠেকাতে বিমানবন্দরে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা, কাস্টমস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত রয়েছে।
ইতি/
