, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ জনপ্রতিনিধিদের বেতন-ভাতা বাড়ানোর বিরোধিতা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যদের বেতন-ভাতা ও আর্থিক সুবিধা বাড়ানোর উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মতে, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রেক্ষাপটে জনপ্রতিনিধিদের আর্থিক সুবিধা বাড়ানো অন্যায্য হবে। সরকার এমন উদ্যোগ নিলে বিরোধী দল তা প্রতিহত করবে বলেও জানান তিনি।

বুধবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বিট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াত আমির।

সভায় শফিকুর রহমান জানান, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে জামায়াতে ইসলামী সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেওয়ার ঘোষণা দিয়েছিল। দলটির সংসদ সদস্যরা সেই সিদ্ধান্তে অটল রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, সরকারি দলের সংসদ সদস্যরাও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন এবং এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে।

কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তাঁর অভিযোগ, এক বছরের মধ্যে এক থেকে দেড় কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে অনেকে কর্মসংস্থান হারাচ্ছেন।

লংমার্চ ঘিরে নাশকতার অভিযোগ অস্বীকার

রাজধানীতে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিকে ঘিরে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেন শফিকুর রহমান। তাঁর দাবি, নিজেদের কর্মসূচি সফল করতে চাওয়া কোনো পক্ষ স্বেচ্ছায় এমন পরিস্থিতি তৈরি করবে না। বরং কর্মসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কেউ আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে থাকলে দায় তাদের।

সংসদে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিরোধী দলের নোটিশ আলোচনায় না আনার অভিযোগও করেন তিনি। জ্বালানি, সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিশু নির্যাতন ও হত্যা এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলোতে সংসদে আলোচনার সুযোগ না পাওয়ায় রাজপথে আন্দোলনে যেতে হয়েছে বলে জানান তিনি।

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ

জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনা করে শফিকুর রহমান বলেন, এর ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ, যাত্রী ও পণ্য পরিবহন খাতের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জ্বালানির দামের তুলনা করার আগে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকার প্রকাশ নিয়ে আপত্তি

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সাক্ষাৎকার প্রকাশের ধরন নিয়েও অসন্তোষ জানান জামায়াত আমির। তাঁর অভিযোগ, বক্তব্যের অংশবিশেষ প্রকাশের কারণে বক্তব্যের মূল অর্থ বদলে যায় এবং পাঠকের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। বক্তব্য যথাযথভাবে প্রকাশের নিশ্চয়তা পেলে তিনি সাক্ষাৎকার দিতে আগ্রহী বলে জানান।

এ ছাড়া সরকারি খরচে বিদেশ সফর না করা এবং নিজের জন্য বরাদ্দ সরকারি বাসায় বসবাস না করার কথাও সভায় উল্লেখ করেন শফিকুর রহমান। তাঁর ভাষ্য, বাসাটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বৈঠকের কাজে ব্যবহার করা হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত