২০২৭ সালের পবিত্র হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ দুই দিন নির্ধারিত ব্যাংকিং লেনদেনের সময়সীমা শেষ হওয়ার পরও হজযাত্রীদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে বলা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। নির্দেশনাটি দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী, ২৫ ও ২৬ সেপ্টেম্বর হজের অর্থ গ্রহণকারী ব্যাংক শাখাগুলো নিয়মিত সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
এ ছাড়া ব্যাংকের নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও অর্থ জমা দিতে আগ্রহী গ্রাহকেরা শাখায় উপস্থিত থাকলে তাঁদের কাছ থেকে টাকা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ইতি/
