২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি, আনন্দময় শিক্ষার পরিবেশ এবং কারিগরি ও আধুনিক প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন বিষয়গুলোর জন্য আলাদা করে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না। পরিবর্তে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণ, ব্যবহারিক কাজ ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ধারাবাহিকভাবে তাদের অগ্রগতি মূল্যায়ন করা হবে।
চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বিষয় দুটি চালুর পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এসব বিষয়ের বই বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন বইগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে দেড় কোটির বেশি কপি ছাপানোর প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে দরপত্র প্রক্রিয়াসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি বইয়ের বিষয়বস্তু, অধ্যায় বিন্যাস, ছবি ও অনুশীলনী প্রণয়ন এবং সম্পাদনার কাজও চলমান রয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বিষয়গুলোর কার্যকর বাস্তবায়নে বইয়ের পাশাপাশি শিক্ষক নির্দেশিকা, মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
ইতি/
