চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মশাল মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে একই দাবিতে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাশাপাশি ক্লাস-পরীক্ষা বর্জনসহ সর্বাত্মক শাটডাউন কর্মসূচিও অব্যাহত রাখেন তারা।
আন্দোলনকারীদের দাবি, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্যের দায়িত্বে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের কারণে টানা তৃতীয় দিনের মতো চুয়েটের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। একই দাবিতে শিক্ষক সমিতি ও কর্মকর্তাদের পক্ষ থেকেও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি জানানো হয়েছে।
ইতি/
