, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময়ের জন্য মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন–এর স্ট্রাইক গ্রুপের আট সদস্য আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মার্কিন ভারপ্রাপ্ত নৌসচিব হাং কাওয়ের একটি চিঠিতে এ তথ্য উঠে এসেছে।

ডেমোক্রেটিক সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, রণতরির দীর্ঘমেয়াদি মোতায়েন চলাকালে স্ট্রাইক গ্রুপের বিভিন্ন ইউনিটের সদস্যদের মধ্যে মোট আটটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে এ সময় আত্মহত্যার কারণে কারও মৃত্যু হয়নি।

এর মধ্যে অন্তত দুটি ঘটনার বিস্তারিতও চিঠিতে উল্লেখ করা হয়েছে। একটি ঘটনায় আগস্টের শুরুতে রণতরির বিমান শাখায় দায়িত্ব পালনকারী এক নাবিক সমুদ্রে পড়ে যান। পরে অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টারের মাধ্যমে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়।

আরেকটি ঘটনা ঘটে মার্চে। ওই সময় এক নাবিক সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে সহকর্মীরা তাকে বাধা দেন। পরে তাকে নিজ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়।

২৮৬ দিন সমুদ্রে

ইউএসএস আব্রাহাম লিংকন ২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করে। প্রথমে দক্ষিণ চীন সাগর এলাকায় দায়িত্ব পালনের জন্য পাঠানো হলেও পরে মধ্যপ্রাচ্যের দিকে এর গতিপথ পরিবর্তন করা হয়।

দীর্ঘ এই মোতায়েনের সময় রণতরিটি কোনো বন্দরে না থেমে টানা ২৮৬ দিন সমুদ্রে ছিল। চলতি সেপ্টেম্বরের শুরুতে থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে এটি প্রথমবারের মতো নোঙর করে। প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্যের জন্য এটি ছিল দীর্ঘ সময় পর প্রথম বড় ধরনের স্থলবিরতি।

দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে রণতরির জীবনযাপন ও কর্মপরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক তৈরি হয়। গণমাধ্যমের প্রতিবেদনে খাবারের ঘাটতি, অবকাঠামোগত সমস্যা এবং নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা উঠে আসে। এসব অভিযোগের ভিত্তিতে কয়েকজন মার্কিন আইনপ্রণেতা পরিস্থিতি তদন্তেরও দাবি জানান।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব উদ্বেগের গুরুত্ব কমিয়ে দেখিয়েছেন। নৌবাহিনীর পক্ষ থেকেও এর আগে বলা হয়েছিল, জাহাজে মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত কিছু ঘটনা মোকাবিলা করা হলেও এ মোতায়েনের সময় আত্মহত্যাজনিত কোনো মৃত্যু ঘটেনি।

২৮৬ দিনের সমুদ্রযাত্রা শেষে সেপ্টেম্বরের শুরুতে থাইল্যান্ডে বিরতির পর রণতরিটি আবার যাত্রা শুরু করে। দীর্ঘ এই মোতায়েনের সময় নাবিকদের মানসিক স্বাস্থ্য ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে আত্মহত্যার চেষ্টার আটটি ঘটনা প্রকাশের তথ্য।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত