, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্রসৈকতসংলগ্ন সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই এটি উদ্বোধন করে নগরবাসী ও পর্যটকদের জন্য উন্মুক্ত করার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিমানবন্দর এলাকায় চলমান সড়ক উন্নয়নকাজ পরিদর্শনের সময় মেয়র এ তথ্য জানান।

চসিকের ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ চার লেনের সড়কটির উন্নয়ন করা হয়েছে। সড়কের দুই পাশে ফুটপাতের পাশাপাশি মাঝখানে মিড আইল্যান্ড এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ও ওয়াকওয়ের সঙ্গে পৃথক সাইকেল ট্র্যাক রাখা হয়েছে।

মেয়র বলেন, পৃথক সাইকেল লেন চালু হলে সাইকেল আরোহীদের জন্য তুলনামূলক নিরাপদ চলাচলের সুযোগ তৈরি হবে। পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াতের বিকল্প বাড়বে এবং নগরবাসীর মধ্যে সাইকেল ব্যবহারে আগ্রহ তৈরি হতে পারে।

বিমানবন্দর সড়ককে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিদিন দেশি-বিদেশি অনেক যাত্রী এ পথ ব্যবহার করেন। ফলে এ এলাকার অবকাঠামো নগরের যোগাযোগব্যবস্থার পাশাপাশি চট্টগ্রামের ভাবমূর্তি ও পর্যটনের সঙ্গেও যুক্ত।

পতেঙ্গা সমুদ্রসৈকতকে কেন্দ্র করে সাইকেল ট্র্যাকটি পর্যটকদের জন্যও নতুন অভিজ্ঞতার সুযোগ তৈরি করতে পারে বলে জানান মেয়র। নিরাপদ সাইকেল চলাচলের ব্যবস্থা থাকলে পর্যটকেরা সমুদ্রতীরবর্তী এলাকায় সাইকেলে ঘোরার সুযোগ পাবেন এবং সাইকেলভিত্তিক পর্যটনের সম্ভাবনাও বাড়তে পারে।

মেয়র আরও বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনায় শুধু সড়ক সম্প্রসারণই নয়—নিরাপদ ফুটপাত, সাইকেল লেন, পথচারীবান্ধব অবকাঠামো ও সবুজায়নও গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে নগরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও এ ধরনের অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

চসিকের কর্মকর্তারা জানান, বিমানবন্দর ও পতেঙ্গা এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নের পাশাপাশি নগরের পর্যটন ও নাগরিক সুবিধা বাড়ানোর লক্ষ্যেও এ প্রকল্পের বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।

পরিদর্শনকালে চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত