প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তথ্য ও প্রযুক্তিসেবা পৌঁছে দেওয়া এবং তরুণদের দক্ষতা ও সৃজনশীলতার বিকাশে জেলা পর্যায়ের আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাঙামাটি শহরের ট্রাইব্যাল আদাম বটতলা এলাকায় ‘রাঙামাটি জেলা আধুনিক তথ্য কমপ্লেক্স’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে বনরূপা এলাকার মুজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে মীর হেলাল বলেন, তথ্য কমপ্লেক্সকে শুধু একটি অবকাঠামো হিসেবে দেখলে এর মূল উদ্দেশ্য পূরণ হবে না। তথ্যপ্রযুক্তি, জনসচেতনতা, সংস্কৃতি ও বিনোদনের বিভিন্ন কার্যক্রমকে আধুনিক সুবিধার আওতায় আনার লক্ষ্যেই এ ধরনের কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।
তিনি জানান, রাঙামাটির কমপ্লেক্সে একটি মিনি-সিনেপ্লেক্সসহ বিভিন্ন আধুনিক সুবিধা থাকবে। প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এখানে ডিজিটাল ল্যাব, ডিজিটাল আর্কাইভ, ফ্যাক্টচেকিং বিভাগ এবং মাল্টিপারপাস হলের মতো সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজব ছড়ানোর বিষয়েও সতর্ক করেন প্রতিমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং অনলাইনে বিভ্রান্তিকর তথ্যের বিস্তার মোকাবিলায় তথ্য যাচাই ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
পার্বত্য এলাকার তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশের তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ তৈরি হয়েছে। পাহাড়ি এলাকার তরুণদেরও এসব সুযোগ কাজে লাগাতে প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দুর্গম এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে মানুষের সমস্যা চিহ্নিত করে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার কথাও তুলে ধরেন তিনি।
জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় দেশের ২৬টি জেলায় এ ধরনের অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের উদ্দেশ্যের মধ্যে রয়েছে জেলা তথ্য অফিসের সেবার সক্ষমতা বাড়ানো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা সম্প্রসারণ এবং চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা ও সাংস্কৃতিক কার্যক্রমকে এগিয়ে নেওয়া।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলমের সভাপতিত্বে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান, রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরানুল হক ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, রাঙামাটি আধুনিক তথ্য কমপ্লেক্সটি পাঁচতলা ভবন হিসেবে নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ইতি/
