, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

কোরআন বিতরণের মাধ্যমে নৈতিক সমাজ গড়ার প্রত্যয় আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ তুলাতলীতে অবস্থিত মাদ্রাসা-ই আবু হুরায়রা কমপ্লেক্স বায়তুর রিদওয়ান হাফেজিয়া ও ইয়াতিমখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছে সমাজসেবামূলক সংগঠন আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিনের উদ্বোধনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা কমপ্লেক্সের সেক্রেটারি ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সবুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসক ফাউন্ডেশন’-এর চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরাদুল হাসান মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এ এম নুর হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল কবির বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা জরুরি। কোরআনের শিক্ষা তাদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করতে পারে। শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণের এ উদ্যোগকে তিনি প্রশংসনীয় সামাজিক ও ধর্মীয় কার্যক্রম হিসেবে উল্লেখ করেন।

প্রধান বক্তা মোহাম্মদ আব্দুস সবুর বলেন, কোরআন মুসলমানদের জন্য হেদায়েত ও জীবন পরিচালনার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। শৈশব থেকেই শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা গেলে তাদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকশিত হওয়ার সুযোগ তৈরি হয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের কোরআন পাঠে উৎসাহিত করার পাশাপাশি সমাজে নৈতিক সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উৎসাহিত করা এবং মানুষের কাছে কোরআনের শিক্ষার আলো পৌঁছে দেওয়া ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেন। নতুন কোরআন হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত