চট্টগ্রামের হাটহাজারীতে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ওয়ান শুটারগান (এলজি) ও গুলি-কার্তুজসহ মো. নাছির উদ্দীন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুদের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৭ দশমিক ৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। কার্তুজগুলোর গায়ে ‘শক্তিমান এক্সপ্রেস, মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির উদ্দীন জানিয়েছেন, রাউজানের মো. তৈয়ব নামে তার এক বন্ধু প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার কাছে রেখে যান। দেশে ফেরার পর তৈয়ব সেগুলো নিয়ে যাওয়ার কথা ছিল বলে নাছির পুলিশকে জানিয়েছেন।
এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে হাটহাজারী থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
ইতি/
