, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 60%

জাতিসংঘে ইরান-কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা চীনের

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরান ও কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেছে চীন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং পারস্য উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। একই সঙ্গে কিউবার বিরুদ্ধে হুমকি বন্ধ এবং দেশটির ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান তিনি।

হান ঝেং সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও তাঁর বক্তব্যে ওয়াশিংটনের নীতির প্রতি স্পষ্ট আপত্তি উঠে আসে। তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বড় শক্তিগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলার ক্ষেত্রে তাদের নেতৃত্ব দেওয়া উচিত।

চীনা ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, পারস্য উপসাগরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করতে হবে। আন্তর্জাতিক বিরোধের সমাধানও আলোচনার মাধ্যমে করার ওপর গুরুত্ব দেন তিনি।

কিউবা প্রসঙ্গে হান ঝেং বলেন, সংশ্লিষ্ট দেশটির উচিত দ্বীপরাষ্ট্রটির বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি বন্ধ করা এবং দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ তুলে নেওয়া। জাতিসংঘের নথিতেও কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ নিয়ে চলমান বিতর্কের বিষয়টি উঠে এসেছে।

চীনের এ অবস্থান এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ নেতৃত্বের মধ্যে সাম্প্রতিক বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে তুলনামূলক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে ইরানকে সহায়তা না করার জন্য চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের বিষয়টিও সামনে এসেছে।

চীনের বক্তব্যের কয়েক ঘণ্টা পর জাতিসংঘে কিউবা ইস্যুতে একই ধরনের অবস্থান তুলে ধরেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি কিউবার ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং দেশটির সঙ্গে বাণিজ্যে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানান।

হান ঝেং তাঁর বক্তব্যে চীনকে উন্নয়নশীল দেশগুলোর সহযোগী এবং বহুপক্ষীয় ব্যবস্থার সমর্থক হিসেবে তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ছোট-বড় সব রাষ্ট্রই আন্তর্জাতিক সম্প্রদায়ের সমান সদস্য এবং বৈশ্বিক সমস্যার সমাধান হওয়া উচিত পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত