, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

বাকলিয়ায় ‘মুরাদ বাহিনী’র প্রধানসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় কিশোর গ্যাং ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ‘মুরাদ বাহিনী’র প্রধান মো. মুরাদ (৪৩) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পটিয়া উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বাকলিয়া থানা পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন সুমন (৩৫) ও রুহুল আমিন (৩৩)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মুরাদ নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরে অবস্থান করছেন। এ সময় মাদক ব্যবসাকে কেন্দ্র করে তিনি একটি নিজস্ব বলয় গড়ে তোলেন, যা স্থানীয়ভাবে ‘মুরাদ বাহিনী’ নামে পরিচিত।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, একসময় মো. জসিম নামে এক ব্যক্তি মুরাদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রি করতেন। পরে তাদের মধ্যে বিরোধ তৈরি হলে জসিম মুরাদের কাছ থেকে মাদক নেওয়া বন্ধ করে অন্য উৎস থেকে সংগ্রহ শুরু করেন। এরপর এলাকায় নিজস্ব একটি দল ও কিশোর গ্যাং গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে।

মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, জায়গা দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর ধারাবাহিকতায় গত রোববার রাতে বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এ সময় বিস্ফোরণ ও গুলির শব্দও শোনা যায়। পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক দোকানপাট বন্ধ হয়ে যায় এবং স্থানীয়রা ঘরে আশ্রয় নেন।

ওই ঘটনায় জসিমসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এর পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুরাদ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, মুরাদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় দায়ের হওয়া ১৬টি মামলা রয়েছে বলে পুলিশি যাচাইয়ে পাওয়া গেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত