দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে পাইলটকে ছুরিকাঘাতের ঘটনায় উড়োজাহাজটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করেছে। আহত পাইলটের নাম স্মিত মচ্ছার; তিনি ভারতীয় নাগরিক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইদুবাইয়ের FZ1073 ফ্লাইটটি দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে যাত্রা করে। মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের পর উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করানো হয়। ফ্লাইটটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, সহকারী পাইলট প্রধান পাইলট স্মিত মচ্ছারকে ছুরিকাঘাত করেন এবং উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। এ সময় যাত্রী ও ক্রু সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর উড়োজাহাজে থাকা অন্য পাইলটরা বিমানটি নিরাপদে তাবুকে অবতরণ করান।
প্রতিবেদন অনুযায়ী, আহত অবস্থাতেও মচ্ছার ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন। এর ফলে যাত্রী ও ক্রু সদস্যরা ককপিটে প্রবেশ করে হামলার অভিযোগে থাকা সহকারী পাইলটকে নিয়ন্ত্রণে আনতে পারেন। এ ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের ভূমিকারও প্রশংসা করেছেন নেতানিয়াহু।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, স্মিত মচ্ছারকে তাবুকের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। দূতাবাস তাঁর চিকিৎসার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছে।
এদিকে সহকারী পাইলটের পরিচয় ও হামলার উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে। সৌদি কর্তৃপক্ষ তাঁকে আটক করেছে বলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে। তবে ঘটনার পূর্ণ কারণ ও উদ্দেশ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ফ্লাইদুবাইও ককপিটে একটি ঘটনার কথা জানিয়েছে এবং তদন্ত শেষ হওয়ার আগে অনুমাননির্ভর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে।
ঘটনার পর ফ্লাইটে থাকা যাত্রীদের নিরাপদে তেল আবিবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
ইতি/
